২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে নৌকাডুবি: নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত দুটি যাত্রীবাহী নৌকার সংঘর্ষে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 12:12 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

সোমবার সকালে কালার পোল সেতুর কাছে শিকলবাহা খালে লাশটি পাওয়া যায় বলে জানান কর্ণফুলী খানার এসআই মোস্তাক আহমেদ।

গত বৃহস্পতিবার বিকালে ইঞ্জিনচালিত দুটি যাত্রীবাহী নৌকার সংঘর্ষের পর নিখোঁজ হয় শিশুটি।

উদ্ধার হওয়া শিশুর নাম মো. সানি (৭)। সে কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীরের ছেলে।

এসআই মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিখোঁজ হওয়ার পর থেকে কর্ণফুলী নদীর সাম্পান মালিক সমিতিসহ স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে।

সকাল সাড়ে ৭টার দিকে শিকলবাহা খালের কালারপোল সেতুর কাছাকাছি স্থানে লাশটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বৃহস্পতিবার কর্ণফুলী নদীর ব্রিজঘাট থেকে সদরঘাটের দিকে যাওয়ার সময় ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্য যাত্রীরা তীরে উঠে এলেও শিশুটি নিখোঁজ হয়।