২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক হলো কথিত গুম হওয়া কিশোর

মাগুরায় গুমের অভিযোগে মামলা করার প্রায় দুই বছর পর বাড়ি ফিরে পুলিশের হাতে আটক হয়েছে এক কিশোর।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 10:08 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শনিবার রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার বড় বালিদিয়া গ্রামের শুকুর মোল্লার ছেলে ওমর মোল্লাকে পুলিশ আটক করে।

মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, রোববার ওমরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা আনুযায়ী তার বাবার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ওসি বলেন, বাবার নির্দেশে দুই বছর ঢাকা-খুলনাসহ বিভিন্ন জায়গায়  শ্রমিকের কাজ করার কথা স্বীকার করেছে ওমর। শনিবার গোপনে সে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল বলেও জানায়।

ওমরকে গুম করার অভিযোগে দুই বছর আগে শুকুর মোল্লা তাহাজ্জত মোল্লা ও তার তিন ছেলে মনিরুল, ইয়ারুল এবং ইমরানের বিরুদ্ধে একটি মামলা করেন।

তাহাজ্জত মোল্লা জানান, মামলার পর তিন ছেলেসহ জেল খেটে সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন তারা।

এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, অপহরণের অভিযোগ এনে গ্রামবাসীর সহানুভূতি নিয়ে তাদের বাড়িঘরে হামলা-ভাংচুর পর্যন্ত চালিয়েছেন শুকুর।

সামাজিকভাবেও গ্রামে তাদের একঘরে করে রাখা হয়েছে বলে দাবি করেন তাহাজ্জত।