শুরু হয়েছে বাসন্তী পূজা
নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় আয়োজন বাসন্তী পূজা।
শনিবার দেবীর অধিবাসের মধ্য দিয়ে পূজার শুরু হয়। রোববার ছিল সপ্তমী পূজা। বুধবার দশমীতে শেষ হবে পাঁচ দিনের এ আয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেরপুর প্রতিনিধি জানান, মহাসপ্তমীতে বিভিন্ন মণ্ডপে ধান, দূর্বা, ফুল ও বেলপাতা দিয়ে দেবীর চরণে অঞ্জলি দেন ভক্তরা।
এর আগে সকালে উলু ধ্বনি, ঢাকের বাদন, কাসর, ঘন্টা ও শঙ্খ বাজিয়ে এবং পুরোহিতের মন্ত্রপাঠের মধ্যদিয়ে দেবীর পূজা হয়।
শেরপুর শহরের রঘুনাথ বাজার কালী মন্দিরের পুরোহিত শ্রী সঞ্জিত চক্রবর্তী জানান, চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু হয়।
বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা। শারদীয় দুর্গা পূজার তুলনায় এর আয়োজন কম হলেও ধর্মীয় তাৎপর্য কোনোভাবেই কম নয়।
কথিত আছে সুরত রাজা হারানো রাজ্য ফিরে পেতে বসন্তকালে দুর্গা দেবীর আরাধনা করেছিলেন। সেই বিশ্বাস থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অশুভ শক্তিকে পরাভুত করতে বসন্তকালে এ পূজার আয়োজন করে আসছেন।
শেরপুর জেলা পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি শ্রী কমল চক্রবর্তী জানান, শহরের রঘুনাথ বাজার কালী মন্দির, কালীর বাজার ভবতারা কালী মন্দির, শিববাড়ী এলাকার একটি বাসায় এবং শ্রীবরদী উপজেলার রাণী শিমুলের একটি মন্দিরে প্রতিমা পূজা হচ্ছে।
এছাড়া শহরের গোপালজিউর মন্দিরে ঘট বসিয়ে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
