প্রাণ-ল্যান্ড ও'লেকস বিনিয়োগ চুক্তি
দেশের দুই জেলার প্রান্তিক খামারীদের জন্য যৌথভাবে ৬০ লাখ ডলার বিনিয়োগে ৪০টি ' দুগ্ধ সংগ্রহ কেন্দ্র' করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সমবায় সমিতি ল্যান্ড ও'লেকস এবং প্রাণ ডেইরি।
রোববার প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের দুগ্ধ শিল্পের উন্নয়নে সম্প্রতি প্রাণ ডেইরি এবং ল্যান্ড ও'লেকস ইন্টারন্যাশনাল এ বিষয়ে এক চুক্তি সই করেছে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে সাতক্ষীরা ও রাজশাহী জেলার প্রায় ১৭ হাজার প্রান্তিক খামারী উপকৃত হবেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
ল্যান্ড ও'লেকস ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি জিওফ ওয়াকার জানান, বাংলাদেশের দুগ্ধ শিল্পের উন্নয়নে এ প্রকল্পের অর্থ যোগান দিচ্ছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)। বাংলাদেশের তৃণমূল দুগ্ধ খামারীদের সম্প্রসারণ ও উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ভবিষ্যতে প্রাণের বিভিন্ন প্রকল্পে অংশ নেয়ার ব্যাপারেও তিনি আশা প্রকাশ করেন।
প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও রাজশাহী জেলার বিভিন্ন গ্রামে ৪০টি 'দুগ্ধ সংগ্রহ কেন্দ্র' স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য জেলাগুলিকেও এই প্রকল্পের আনার পরিকল্পনা আছে বলে জানিয়েছে প্রাণ।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরী এবং ল্যান্ড ও লেকস্ ইন্টারন্যাশনাল এর চিফ অব পার্টি জিওফ ওয়াকার নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে সই করেন।
প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা, প্রাণ ডেইরির চিফ এক্সটেনশন অফিসার রাকিবুর রহমানসহ প্রাণের উদ্ধর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
