২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপির ৫ নেতাকর্মী হেফাজতে

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান হত্যা মামলার আসামি বিএনপির পাঁচ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের দুই দিনের পুলিশ হেফাজত (রিমান্ডে) মঞ্জুর করেছে আদালত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 04:42 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ কিউ এম জুলকার নাইন রোববার এ আদেশ দেন।

দুপুরে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আসামিরা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল (৫৪), কলম ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার রশীদ (৩১), বিএনপিকর্মী শাহ আলম বেপারী (২২), সামসুল ইসলাম (৪৭) ও আব্দুল করিম (৩৬)।

আদেশ হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এসআই শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আজই পাঁচ আসামিকে নিয়ে যাওয়া হবে। এদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে হত্যকাণ্ডের সঙ্গে আর কারা জড়িত তা বের করার চেষ্টা করা হবে।

গত ১৮ জানুয়ারি দুপুরে মোটরসাইকেলে সিংড়া থেকে পারশাউল গ্রামে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান ফুনু (৫৬)। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন।

এ ঘটনায় গত ২৪ মার্চ আটক আসামিদের সাংবাদিকদের সামনে হাজির করে র‌্যাব জানায়, রাজশাহীর বাগমারার একটি পরিত্যক্ত বাসা থেকে গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওইদিন তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে রাজশাহীর আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে ফজলার রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।