দিনাজপুরে ‘জনতার উপর র্যাবের লাঠিপেটা’
দিনাজপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র পথচারী, ভ্যান চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে র্যাব-১৩ এর সদস্যদের বিরুদ্ধে, যা র্যাব অস্বীকার করেছে।
স্থানীয়দের দাবি, রোববার এ ঘটনায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এরপর বিক্ষুব্ধ জনতা দিনাজপুর পৌরসভা মোড়ে অবস্থান নিয়ে প্রায় দেড় ঘণ্টা দিনাজপুর-রামসাগর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দিনাজপুর পৌরসভার কাউন্সিলর রেহাতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে পৌরসভা মোড়ে একটি রিকশার সঙ্গে র্যাবের একটি মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে র্যাবের গাড়ি চালক (নাম জানা যায়নি) ওই রিকশা চালককে বেধড়ক লাটিপেটা করতে থাকে।
চালক ছাড়া ওই গাড়িতে কেউ ছিল না জানিয়ে তিনি বলেন, এ সময় স্থানীয়রা র্যাবের ওই গাড়ি চালককে আটক করে পৌরসভার ভেতরে নিয়ে আসে।
“সেখানে আমি (কাউন্সিলর রেহাতুল ইসলাম) ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রফিক বিষয়টি মিমাংসা করে দেই। র্যাবের গাড়ি চালক ভুল স্বীকার করে ঘটনাস্থল থেকে চলে যান।”
তিনি অভিযোগ করেন, এই ঘটনার কিছুক্ষণ পরেই র্যাবের একটি দল লাঠি-সোঠা নিয়ে ঘটনাস্থলে এসে এলাকার পথচারী, রিকশা-ভ্যান চালকসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের এলোপাতাড়ি মারধর করে এবং আগা মিয়া নামে এক দোকানদারকে ধরে নিয়ে যায়।
এতে পথচারী মরিয়ম, সুমন, আনোয়ার, রিকশা চালক রায়হান, ভ্যান চালক জুয়েল, বাবু, আব্দুল, দোকানদার রুবেল, মোহাম্মদ বাবুল, রাজনসহ প্রায় ২০ জন আহত হয় বলে তিনি জানান।
মারধরের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাবকে বিষয়টি জানানো হয়েছে এবং আটক ব্যক্তিকে ছেড়ে দেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে র্যার-১৩ অধিনায়ক মোদাসসের হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার) মারধর এবং আটকের অভিযোগ অস্বীকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিকশা চালকরা ট্রাফিক আইন অমান্য করে সড়কে যানযট এবং বিশৃংখলা সৃষ্টি করায় র্যাব সেখানে কেবল রোড ক্লিয়ারের দায়িত্ব পালন করেছে।”
