২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক বাংলা উৎসব ও বইমেলা জুনে

আগামী জুন মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তিনদিনের ‘আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 12:22 AM

Updated : 26 Jul 2022, 12:38 PM

শুক্রবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মুক্তধারা ফাউন্ডেশনের লাইব্রেরিতে অনুষ্ঠিত এক সভায় জিয়াউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে এ আয়োজন সফল করতে ৫১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। 

ফাউন্ডেশনের প্রধান বিশ্বজিৎ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত এ আয়োজনে বাংলাদেশ ও ভারত থেকে বাংলাভাষার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় লেখক ও কবিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ থেকে আনিসুজ্জামান, মহাদেব সাহা, পশ্চিমবঙ্গ থেকে সমরেশ মজুমদার এবং জার্মানি থেকে কবি দাউদ হায়দারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্বজিৎ সাহা বইমেলায় উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা সংস্থা ও নতুন বই থাকবে পাশাপাশি ইউরোপ, আমেরিকা ও কানাডায় বসবাসরত কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত  হয়েছে।

নিউ ইয়র্ক বইমেলা ও বাংলা উৎসব সম্পর্কে কলামনিস্ট হাসান ফেরদৌস বলেন,প্রতিবছরই এর সীমারেখা উপরের দিকে যাচ্ছে।

এবছর বইমেলাকে আকর্ষণীয় করার জন্য কুইজ, মূলধারার সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠানসহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

নিউ ইয়র্ক বইমেলা প্রথম শুরু করেন বিশ্বজিৎ সাহা। 

বইমেলার সংগঠক সউদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইমেলা সবার প্রাণের মেলায় রূপ নিয়েছে। যে কাজটি একসময় বিশ্বজিৎ সাহা শুরু করেন, তা এখন উত্তর আমেরিকা অভিবাসী সব বাঙালির প্রাণের মেলায় রূপ নিয়েছে।”