কৃষকদের জন্য পল্লী ব্যাংক হচ্ছে: মতিয়া
কৃষকদের সুবিধার জন্য সরকার পল্লী ব্যাংক করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজের বীজ, সার, নগদ অর্থ, বিভিন্ন অনুদানের চেক ও জিআরের চাল বিতরণকালে তিনি এ তথ্য জানান।
পল্লী ব্যাংকের মাধ্যমে গ্রামের মানুষ সহজে টাকা লেনদেন করতে পারবে বলে জানান তিনি।
এ ছাড়াও খুব শিগগিরই কৃষি কার্ড নবায়ন করার কাজ শুরু হবে বলেও জানান মতিয়া।
উপজেলা পরিষদের মুক্তমঞ্চে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করীম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবু প্রমুখ।
মন্ত্রী ৭৯০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনার ১০ লাখ ৩৫ হাজার ১৭৫ টাকার সার বীজ, ১১ প্রতিবন্ধীর মাঝে ১১টি হুইল চেয়ার, ৪টি এতিখানায় ১ লাখ ৯৫ হাজার ৮৪০ টাকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চেক, ঝড়ে ও বন্যহাতির কারণে ক্ষতিগ্রস্ত ৯৮টি পরিবারকে ২০ কেজি করে চাল এবং কাপাশিয়া আইসিএ ক্লাবকে কম্পিউটার, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ক্যামেরা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করেন।
