জাল ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকার মূল্যের ‘জাল’ ভারতীয় মুদ্রাসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার নাজমা জাবিন জানন, আটক আসিমুল্লাহ খান (৪০) পাকিস্তান থেকে এমিরেটসের একটি ফ্লাইটে শুক্রবার রাতে বিমানবন্দরে নামেন।
তিনি বলেন, “বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে দেখে শুল্ক কর্তৃপক্ষের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় এক কোটি আট লাখ টাকা মূল্যের বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মুদ্রা পাওয়া যায়।”
শনিবার দুপুর পর্যন্ত আসিমুল্লাহ বিমানবন্দরে শুল্ক বিভাগ কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন জানিয়ে নাজমা জাবিন বলেন, “এর মধ্যে এক কোটি সাত লাখ ৯৭ হাজার টাকার ভারতীয় ‘জাল রুপি’ বলে সন্দেহ হলে তাকে আটক করা হয়।
“তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ আইনে মামলা হবে।”
মামলা সংক্রান্ত ‘প্রয়োজনীয়’ আনুষ্ঠানিকতা শেষ করতে আসিমুল্লাহকে রাতে বিমাবন্দর শুল্ক বিভাগ কর্তৃপক্ষের হেফাজতে রাখতে হয়েছে বলেও জানান তিনি।
