ঝিনাইদহে দুর্বৃত্তের বোমায় চরমপন্থী নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া বোমায় এক চরমপন্থী নিহত হয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার নিচতলা গ্রামে হামলায় আহত হন জাহাঙ্গীর হোসেন (৪৫)। শনিবার ভোরে তার মৃত্যু হয়।
তিনি নিচতলা গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিল বলে জানান ওসি।
ওসি মহিবুল ইসলাম আরো জানান, ১৯৯৯ সালে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করলেও ২০০৩ সালে অস্ত্রসহ ধরা পড়েন জাহাঙ্গীর। বিচারে ১৪ বছরের জেল হয়। উচ্চ আদালতে আপিল করে জামিনে ছিলেন জাহাঙ্গীর।
তিনি বলেন, রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথে নিচতলা গ্রামের স্কুলের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তার উপর বোমা ছুড়ে পালিয়ে যায়।
“বিস্ফোরণের শব্দে গ্রামের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই ভোর রাতে তার মৃত্যু হয়।”
