‘এইচএসবিসি-কালি ও কলম’ পুরস্কার পেলেন কবি মাসুদসহ ৫ জন
এইচএসবিসি-কালি ও কলম ‘তরুণ কবি ও লেখক’ পুরস্কার পেলেন পাচঁ সাহিত্যিক।
শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৩ সালে সেরা সাহিত্য রচনার জন্য মোট পাঁচটি বিভাগে পুরস্কার দেয়া হয়
অন্যান্যবারের মত এবারও কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-গবেষণা-নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ এবং শিশু-কিশোর বিভাগে এ পুরস্কার দেয়া হয়।
‘একাকী জমিন’ কবিতাগ্রন্থের জন্য কবি মাসুদ পথিক এবং কথাসাহিত্য বিভাগে ওয়াহিদা নূর আফজার ‘বিতংস’ উপন্যাসটি পুরস্কার পায়।
কালি ও কলম প্রতিযোগিতার বিচারকদের দৃষ্টিতে প্রবন্ধ, গবেষণা, নাটক বিভাগে সেরা নির্বাচিত হয়েছে ‘সমকাল পত্রিকার সাহিত্যিক ও সাংস্কৃতিক ভূমিকা’ গ্রন্থটি, যার লেখক রবিউল ইসলাম।
এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক বিভাগে সেরা বই নির্বাচিত হয়েছে রাজিব আহমেদের ‘মুক্তিযুদ্ধে মুজিবনগর দলিল ও ইতিহাস’ এবং লেখক মাশুদুল হকের ‘বিলু কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান’ নামের বইটি শিশু-কিশোর বিভাগের সেরা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পশ্চিমবঙ্গের করি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অধ্যাপক আনিসুজ্জামান এবং অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
‘তরুণ কবি ও লেখক’ পুরস্কার পাওয়া প্রত্যেককে একটি ক্রেস্ট, এক লাখ টাকা ও একটি সনদ দেয়া হয়।
২০০৮ সাল থেকে কবি ও লেখক পুরস্কার দিয়ে আসছে সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম। আর এ উদ্যোগের সহযোগী হিসেবে আছে বহুজাতিক ব্যাংক এইচএসবিসি।
