নওগাঁয় কালবৈশাখি ঝড়ে নিহত ১
নওগাঁয় রাতের কালবৈশাখি ঝড়ের সময় গাছের ডাল ভেঙ্গে একজন নিহত ও দেয়াল চাপা পড়ে দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ঝড়ের সময় পত্নীতলায় উপজেলার বাগমার এলাকায় নজিপুর-বদলগাছি সড়কে গাছের ভাঙ্গা ডালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন শহিদুল ইসলাম (১৫)।
শুক্রবার সকালে শহিদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শহিদুল মহাদেবপুর উপজেলার কুন্দনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
অন্যদিকে ঝড়ে পত্নীতলা উপজেলার আমাইড় গ্রামের বীরেন্দ্র চন্দ্র (৫০) ও ধামইরহাট উপজেলার কাজিপুর গ্রামের হযরত আলী (৮০) মাটির দেয়াল চাপা পড়ে আহত হন।
পত্নীতলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কালবৈশাখি ঝড়ে হতাহতের খবর পেয়েছেন।
তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।
এছাড়া ঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য গাছ ভেঙ্গে পড়াসহ শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
