বাসচালককে মারধর, কিশোরগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
বাস চালক ও তার সহকারীকে মারধরের জেরে কিশোরগঞ্জে পুলিশ ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর এই জেলা থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুলিশ অন্তত ২০ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় ৭ পুলিশসহ আহত হয়েছেন ৫০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাসকে পুলিশ লাইনের সামনে থামার সংকেত দেন সাদা পোশাকের এক পুলিশ সদস্য।
কিন্ত বাসটি সেখানে না থামিয়ে নিকটবর্তী বিশ্ব রোডের মোড়ে কাউন্টারে থামলে পুলিশের ওই সদস্য বাসে উঠে চালক মাসুম মিয়া ও সহকারীকে মারধর করেন।
এ মারধরের খবর পেয়ে বাস টার্মিনাল থেকে শ্রমিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। একই সময় পুলিশ লাইন থেকেও বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এক পর্যায়ে বাস টার্মিনালের ভেতরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর পরিবহন শ্রমিকরা মহাসড়কের উপর বাস ও ট্রাক্টর রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে পুলিশ তা সরিয়ে দেয়। তবে ঢাকা ও ময়মনসিংহসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
জেলা মোটরযান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া বলেন, “পুলিশের নির্বিচার গুলি ও লাঠিপেটায় আমাদের ১৫ জন শ্রমিকসহ ৫০ জনের মতো আহত হয়েছেন।”
সংঘর্ষের সময় পুলিশের কিছু সদস্য বেশ কয়েকটি বাস ভাংচুর করে বলেও তিনি অভিযোগ করেন।
জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা জানান, অনুমোদনহীন স্থান থেকে জোর করে বাসে ওঠাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পুলিশ শ্রমিকদের উপর গুলি চালায় ও লাঠিপেটা করে।
পুলিশের এই আচরণের প্রতিবাদে শ্রমিকরা কিশোরগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, “পুলিশ লাইনের সামনে সংঘটিত ঘটনাটি আমরা বাসমালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু শ্রমিক নেতাদের মারমুখী আচরণের কারণে তা সম্ভব হয়নি।”
শ্রমিকদের হামলায় এসআই শফিকুল ইসলামসহ অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।
টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
