২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর লাঞ্ছনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে সরকারদলীয় সাংসদ আবদুল ওদুদের হাতে এক সহকর্মীর লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।   

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 03:54 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে জেলার পাঁচ উপজেলায় কর্মরত সব গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয়) দেবেশ সরকার বৃহস্পতিবার সদর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে আসেন ।

সেসময় সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক এমরান ফারুক মাসুম ওই কার্যালয়ে যান। এর কিছুক্ষণ পর সংসদ সদস্য আব্দুল ওদুদ সেখানে পৌঁছেন।

সেখানে সংসদ সদস্য ওদুদের সঙ্গে মাসুমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাংসদ ও তার লোকজন মাসুমকে লাঞ্ছিত করেন।

ওই ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাব জরুরি সভা করে সহকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাংসদ ওদুদের সব অনুষ্ঠান বর্জনের পাশাপাশি মানববন্ধন করার সিদ্ধান্ত নেয়।

পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতারা সাংসদের সাংবাদিক নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন, একজন আইন প্রণেতার এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক ও অনাকাংখিত।

সাংসদ নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তার সব অনুষ্ঠান বর্জন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, মাহবুবুর রহমান মিন্টু প্রমুখ।