শ্রমিকদের অবরোধে ঢাকা-সিলেট মহাসড়ক ২ ঘণ্টা বন্ধ
সিলেটের দক্ষিণ সুরমায় এক অটোরিকশা চালকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষাভ করেছেন পরিবহন শ্রমিকরা।
তাদের অবরোধের কারণে দু’ঘণ্টার বেশি সময় ধরে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, শুক্রবার ১১টা থেকে লালবাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “পরে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের বৈঠকে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল আবার শুরু হয়।”
ওসি সামন্ত জানান, সকালে লালবাজার এলাকায় সিএনজি অটোরিকশা চালক শফিক মিয়ার উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা শফিকের হাতে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সহকর্মীর ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে পরিবহন শ্রমিকরা লালাবাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে।
এঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
