২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহারে তিতুমীর এক্সপ্রেসে হামলা, আহত ২

চোরা কারবারের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিরোধের জেরে সান্তাহার রেল স্টেশনে তিতুমীর এক্সপ্রেসে হামলা চালিয়ে লুটপাট করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 11:33 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ হামলায় ওই ট্রেনের পরিচালক আব্দুল মালেক ও টিকেট কালেক্টর আরাফাত হোসেন গুরুত্বর আহত হয়েছেন। হয়। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান্তাহার জিআরপি থানার ওসি শরিফুল ইসলাম জানান, প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। স্টেশন এলাকায় অতিরক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে রেলে চোরাচালানের রুটের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে বিরোধ চলছিল। তারই জের ধরে জাতীয় পার্টির নেতাকর্মীরা এ হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন ট্রেন পরিচালক আব্দুল মালেক জানান, আন্তঃনগর তিতুমীর ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ার বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে দেশীয় অস্ত্রে সজ্জিত শতাধিক মানুষের একটি দল ট্রেনে হামলা করে। এসময় তারা ট্রেনের ভিতরে ঢুকে যাত্রীদের মালামাল লুট করে এবং ট্রেনের হুস পাইপ খুলে দেয়।

এ সময় হামলা ও লুটপাটে বাধা দিলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালান বলে জানান ট্রেন পরিচালক।

ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের দুটি আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে বাঁচাতে গিয়ে ট্রেনের টিকেট কালেক্টর আরাফাত হোসেন আহত হন।

হামলা ও লুটপাটের এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সান্তাহার জংশন স্টেশন এলাকায় লাঠিসোটা নিয়ে উপস্থিত হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া করে স্টেশন এলাকার দখল নেয়।

এসময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের দরজা-জানালা বন্ধ করে দেন তারা।

হামলার অভিযোগ অস্বীকার করে আদমদীঘি থানা জাতীয় পার্টির সভাপতি নাজির হোসেন মিলন বলেন, “আমরা জিআরপি থানার মধ্যে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলার সময় কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই। এ ঘটনার সাথে জাতীয় পার্টির কেউ জড়িত নয়।”