২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের মন্ত্রিপরিষদ সচিবদের সম্মেলন শুরু ২৬ এপ্রিল

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলোর মন্ত্রিপরিষদ সচিবদের দুই দিনের সম্মেলন আগামী ২৬ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 10:33 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক সংস্কার অধিশাখার উপসচিব আবু শাহীন মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার জানান, রূপসী বাংলা হোটেলে ২৬ ও ২৭ এপ্রিল এই সম্মেলন হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে।

এর আগে ২০০৯ সালে নয়া দিল্লিতে মন্ত্রিপরিষদ সচিবদের প্রথম সম্মেলন হয়।

আসাদুজ্জামান জানান, সম্মেলনের শুরুতেই সভাপতি নির্বাচন করা হবে। রেওয়াজ অনুযায়ী স্বাগতিক দেশের প্রতিনিধিই সম্মেলনে সভাপতিত্ব করেন।

এবারের সম্মেলনে প্রশাসনিক সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ, আঞ্চলিক উন্নয়ন ও পারস্পারিক সহযোগিতা, আইসিটি সেবাসহ মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

আসাদুজ্জামান জানান, পাকিস্তান ও মালদ্বীপ বাদে অন্য দেশগুলো ইতোমধ্যে সম্মেলনে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান ও মালদ্বীপের সঙ্গে যোগাযোগ করছে।

একীভূত হচ্ছে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাজাইজেশন কমিশন

বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাজাইশেন কমিশনকে একীভূত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,

“বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাজাইশেন কমিশনকে একীভূত করার বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।”

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠিতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।