২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 09:33 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

তাদের মধ্যে শেরপুরে নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন পাঁচ এইচএসসি পরীক্ষার্থী ।

চাঁপাইনবাবগঞ্জে এক সাইকেল আরোহী এবং গাইবান্ধায় মসজিদের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:

শেরপুর

শেরপুর সদর থানার এসআই সাইফুল ইসলাম মণ্ডল জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের নবীনগর এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক মিলন মিয়া (২৫)।

মিলন রঘুনাথপুরের ইদ্রিস আলীর ছেলে।

এঘটনায় আহত হয়েছেন পাঁচ এইচএসসি পরীক্ষার্থী। তারা হলেন- কণিকা বেগম, সাবিনা, নাঈম এবং ছাহেরা এবং উপজেলার জঙ্গলদি গ্রামের হাশেম মিয়ার ছেলে মানিক মিয়া।

এদের মধ্যে মানিক ছাড়া সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে শেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।

এসআই সাইফুল জানান, গুরুতর আহত মানিক পরীক্ষা দিতে পারেনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ থানার ওসি বনী ইসরাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় শিবগঞ্জের কলাবাড়ি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে বালুভর্তি একটি ট্রাকের চাপায় মারা যান সাইকেল আরোহী আতাউর রহমান (৪০)।

আতাউর উপজেলার বাগবাড়ি মিয়াপুর গ্রামের মঈনুদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে দেয়।

গাইবান্ধা

সদর থানার ওসি রাজিউর রহমান জানান, দুপুরে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজার এলাকায় একটি ভটভটি পেছন থেকে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী কেরামত আলীকে (৪০) সড়কে পড়ে যান। সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

কেরামত কিশামত মালিবাড়ী (নাপিত পাড়া) গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং স্থানীয় দারিয়াপুর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন।

সিরাজগঞ্জে বাস উল্টে আহত ৫০