চকবাজারে গুদামে আগুনে দগ্ধ একজনের মৃত্যু
পুরান ঢাকার চকবাজারে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কবির হোসেনের (৩০) মৃত্যু হয়েছে। আহত অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক। এরা হলেন- মফিজ (৪২) ও আব্দুল আজিজ (৩০)।
বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক কৌশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবিরের শরীরের ৮৫ ভাগ পুড়ে গিয়েছিল।
এছাড়া শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে আজিজের এবং মফিজের পুড়েছে শরীরের ৩০ ভাগ। তাদের চিকিৎসা চলছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে চকবাজার হেকিম হাবিবুর রহমান রোডের একটি ছয়তলা ভবনের চারতলায় আগুন লাগে।
