২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

পাবনা সদর উপজেলায় বিএনপির সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলিতে এক আওয়ামী লীগকর্মী মারা গেছেন। পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১৫ জন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 10:14 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আজমত আলী মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সাঈদ খান বলেন, ৩১ মার্চ পাবনা সদর উপজেলা নির্বাচনের দিন পীরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা হলপ সরদারের বাড়িতে বিএনপি নেতাকর্মীরা হামলা ও ভাংচুর করে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

বুধবার সন্ধ্যায় ঘটনাটির সমঝোতা করতে একই গ্রামের আওয়ামী লীগ নেতা গনি মোল্লার বাড়িতে স্থানীয় গ্রাম প্রধানদের নিয়ে শালিস বসে। এ সময় স্থানীয় বিএনপি নেতা কফিল মোস্তফার লোকজন বৈঠকে হামলা চালায়।

এ সময় বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের লোকজনের সঙ্গে হামলাকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

পরে বিএনপির লোকজন অতর্কিত ভাবে আওয়ামী লীগের লোকজনের উপর গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আজমত আলী মারা যান।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে রওয়ানা হয়েছে।

এলাকাটি দূর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশের সেখানে যেতে একটু দেরি হয় বলে জানান তিনি।

উপজেলা বিএনপির সভাপতি কেএম মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, নির্বাচনে আওয়ামী প্রার্থীকে ভোট না দেবার অভিযোগে আবু সাঈদ খানের ভাই আলতাব হোসেনের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা চর বলরামপুর, পীরপুর, চর পীরপুর গ্রামগুলিতে হামলা চালায়।

এ সময় গ্রামবাসী একত্রিত হয়ে প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ শুরু হয়।

তিনি দাবি করেন, এ সময় আওয়ামী কর্মীরা তাদের লোকজনকে মারধোর করে বাড়িঘরেও ভাংচুর করে।