হাই কোর্টেও জামিন মেলেনি তাজরীন মালিক দেলোয়ারের
তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের জামিন আবেদন নাকচ করেছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চে পৃথকভাবে তারা জামিন চাইলে আদালত তা নাকচ করে।
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন হাবিবুল ইসলাম ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরসেদুল আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম মাসুদ আলম চৌধুরী।
পরে মাসুদ আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২০ মার্চ তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিল করে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত ১৫ দিনের মধ্যে তাকে হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
“এই আদেশ বাতিল চেয়ে তিনি গতকাল হাই কোর্টে আবেদন করেন। ওই আবেদন যথাযথ না হওয়ায় তা উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।”
অন্যদিকে কারাগারে থাকা মাহমুদার স্বামী ও তাজরীনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জামিনের আবেদন করলে আদালত তা ফেরত দিয়েছে।
মাসুদ আলম বলেন, “মাহমুদার বিষয়ে আমরা বলেছি, নিম্ন আদালত তাকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। তিনি তা পালন করেননি। বর্তমানে আইনের দৃষ্টিতে তিনি পলাতক। এই অবস্থায় তিনি জামিন চাইতে হাই কোর্টে আসতে পারেন না।
“অন্যদিকে দেলোয়ারের বিষয়ে আমরা বলেছি, এটা অনেক বড় ঘটনা। এখানে অনেক মানুষের প্রাণ চলে গেছে। তাজরীনের মালিক এর দায় এড়াতে পারেন না। এ কারণে তাকে জামিন দেয়া ঠিক হবে না।
“আদালত উভয়ক্ষেত্রে আমাদের যুক্তি গ্রহণ করেছে।”
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।
ওই ঘটনার মামলায় গত ২২ ডিসেম্বর তাজরীন চেয়ারম্যান মাহমুদা, তার স্বামী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি, যাতে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ এবং ‘অবহেলার কারণে মৃত্যুর’অভিযোগ আনা হয়।
দেলোয়ার ও তার স্ত্রী মাহমুদা ৯ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরদিন ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন শর্তসাপেক্ষে মাহমুদাকে জামিন দিলেও দেলোয়ারের আবেদন নাকচ করেন।
দেলোয়ার পরে জজ আদালতে গিয়েও জামিন পেতে ব্যর্থ হন।
রাষ্ট্রপক্ষ গত ১২ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে মাহমুদার জামিন বাতিলের আবেদন করে।
জামিন বাতিলের জন্য যুক্তি দেখিয়ে বলা হয়, এই আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদের অবহেলার কারণে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তারা জামিন পেলে সাক্ষীদের ভয়ভীতি দেখাতে পারেন। এ জন্য জামিন বাতিল হওয়া জরুরি।
গত ১৩ মার্চ এ আবেদনের ওপর শুনানি শেষে বিচারক আদেশের জন্য ২০ মার্চ দিন ঠিক করে দেন। ওইদিন তার জামিন বাতিল করে তাকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।
