২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট

মামলা নিয়ে বিরোধের জেরে শেরপুর সদরে আসামিপক্ষের বিরুদ্ধে বাদীপক্ষের লোকজনের বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 09:01 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার সকাল ১০টার দিকে বারোঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

শেরপুর সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, সকাল ১০টার দিকে প্রায় দুই শাতাধিক  লোক লাঠিসোটা, রাম দা ও দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের নূর মোহাম্মদ, আব্দুর রশিদ, মসদ হোসেন ও ফকরুলের বাড়ির আটটি ঘরে হামলা চালায়।

হামলার বিষয়টি আঁচ করতে পেরে বাড়িতে থাকা আসামিদের পরিবারের অন্য সদস্যরা ভয়ে পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা রাম দা দিয়ে কুপিয়ে ঘরের টিনের রেড়া কেটে ফেলে এবং গৃহস্থলির অনেক জিনিসপত্র তছনছ করে গুড়িয়ে দেয় এবং আসবাবপত্রসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে হামলাকারীরা পালিয়ে যায়।

এসআই মোস্তাফিজুর রহমান আরো জানান, পূর্ব বিরোধের জেরে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) শেরপুর সদর উপজেলার বারোঘরিয়া গ্রামের নুর মোহাম্মদ, ফকরুল, আব্দুর রশীদ ও মসদ হোসেন লোকজন নিয়ে হামলা চালিয়ে ওই এলাকার হাজী নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করে।

আহত হাজী নুরুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন আছেন।

এ ঘটনায় শেরপুর সদর থানায় হামলার অভিযোগে উপরোক্ত এ চার জনসহ অন্যদের আসামি করে শেরপুর সদর থানায় একটি মামলা করা হয়।

এর জেরেই মামলার আসামিরা এ হামলা চালায় বলে পুলিশ কর্মকর্তা জানান।

শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।