পরীক্ষা কেন্দ্রে যাওয়া বাদ দেবেন না শিক্ষামন্ত্রী
দলবল নিয়ে ঘটা করে পাবলিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা নিয়ে সমালোচনা উঠলেও এই রীতি ছাড়ছেন না শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তবে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে দলের আকার যেন ছোট হয়, সেই চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন তিনি।
বুধবার সচিবালয়ে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি তুলে ধরার সময় সাংবাদিকদের এক প্রশ্নে নাহিদ বলেন, “কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় সে বিষয়টি বিবেচনা করা হবে।”
সবশেষ গত ৯ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর দিন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন নাহিদ।
ওই সময় তার সঙ্গে ছিল ১৫/১৬টি টেলিভিশন ক্যামেরা, কয়েকজন আলোকচিত্রী ছাড়াও ১২/১৩ জন।
দলবল নিয়ে মন্ত্রীর পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও এনিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
কেন্দ্র পরিদর্শনের সময় মন্ত্রীকে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। অনেক শিক্ষার্থীর মাথায় মন্ত্রীকে হাত বুলিয়ে দিতেও দেখা যায়।
তবে কেন্দ্র পরিদর্শনে না গেলে পরীক্ষার্থীদের অভিভাবকরা কথা তোলেন বলে দাবি করেন শিক্ষামন্ত্রী।
“কেন্দ্রে আমাদেরকে দেখলে অভিভাবকরা খুশি হন। কেন্দ্রে না গেলে তারা বলেন একটু খোঁজও নিল না।”
বৃহস্পতিবার শুরু হচ্ছে এ বছরের এইচএসসি ও সমামানের পরীক্ষা।
এদিন সকাল ১০টায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে জানান নাহিদ।
পরীক্ষা চলাকালে কেন্দ্রে গেলে পরীক্ষার্থীদের সময় নষ্ট হয় কি না- এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি দ্বিতীয় দফায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া নাহিদ।
তবে সাংবাদিকরা যে বিষয়গুলো তুলেছেন তা ‘বিবেচনায়’ রাখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
