সুবহানের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ৭ এপ্রিল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৭ এপ্রিল।
প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্য শেষ হওয়ার পর বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এদিন ঠিক করে।
ওই দিন সুবহানের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি দেয়ার আবেদনের বিষয়েও সিদ্ধান্ত দেবে ট্রাইব্যুনাল।
সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।
জামায়াত নেতা আব্দুস সুবহান।
এ সময় সুবহানের আইনজীবী এসএম শাহজাহান কবির ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। সুবহানও ছিলেন কাঠগড়ায়।
সুলতান মাহমুদ সীমন বলেন, ১৯৭১ সালের ১০ এপ্রিল পর্যন্ত পাবনা পাকিস্তানি সেনামুক্ত ছিল। ১১ এপ্রিল থেকে পাবনায় সুবহানের নেতৃত্বে ও সহযোগিতায় গণহত্যা চালানো হয়।
“একাত্তরের মে মাসের প্রথম সপ্তাহে পাবনায় শান্তি কমিটি গঠিত হয়। এতে সুবহান সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এর কিছু দিন পরে আবার নতুন করে শান্তি কমিটি গঠিত হলে সুবহান কমিটির সহসভাপতি নিযুক্ত হন।”
তিনি বলেন, একাত্তরে যুদ্ধের সময় সময় সুবহানের নেতৃত্বে ও নির্দেশে পাকিস্তানী সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পাবনার বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। নিরহ-নিরস্ত্র বাঙালি, আওয়ামী লীগ নেতাকর্মী, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তাদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়।
পাবনার ভাড়ারা গ্রামে আওয়ামী লীগ ও মুক্তিকামী নেতাকর্মীদের তালিকা করেছিলেন সুবহান। পরে সেই তালিকা অনুসারে পাকিস্তানি সেনাবাহিনী ও আল-বদরসহ অন্যান্য বাহিনী তাদের অপহরণ করে অনেককে হত্যা করে বলে সূচনা বক্তব্যে সীমন উল্লেখ করেন।
এরপর প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন আব্দুস সুবহানের বিরুদ্ধে ৯টি অভিযোগের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তব্য উপস্থাপন করেন।
গত ২৭ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ সুবহানের মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করেন।
গত বছরের ৩১ ডিসেম্বর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ সুবহানের বিরুদ্ধে ৯টি অভিযোগে অভিযোগ গঠন করেন।
ওই দিন নিজের শেষ কর্মদিবসের দায়িত্ব পালন করে অবসরে যান বিচারপতি এটিএম ফজলে কবীর।
অভিযোগ গঠনের পর ৯ জানুয়ারি অভিযোগ গঠনের আদেশের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে আসামিপক্ষ।
গত ২৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বিচারপতি এম ইনায়েতুর রহিম।
গতবছরের ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন।১৯ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-১।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে একটি মামলায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে গ্রেপ্তার করে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ।
২৩ সেপ্টেম্বর প্রসিকিউশন তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ট্রাইব্যুনালে।
৩০ সেপ্টেম্বর প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। ১ অক্টোবর সুবহানের জামিন আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল।
এছাড়া সাবেক এ সংসদ সদস্যকে তার বয়সের কথা বিবেচনা করে কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন দেয়ার নির্দেশও রয়েছে।
