২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর এক সদস্য দল থেকে পদত্যাগ করেছেন। তবে, তিনি অন্য কোনো দলে যোগদান করেননি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 05:15 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার সকালে উপজেলার সলপ ইউনিয়নে সলপ কলেজে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেন উপজেলা জামায়াতের সদস্য ও সলপ ইউপি চেয়ারম্যান খোন্দকার শহিদুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়নের উন্নয়ন ও জনগণের স্বার্থ সংরক্ষণ করতে নানা সমস্যা হচ্ছে।

সে কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্র ইতোমধ্যেই উপজেলা জামায়াতের কাছে দাখিল করেছেন বলেও জানান তিনি।

উল্লাপাড়া জামায়াতের আমির শাহজাহান আলী বিকালে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।