২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া র‌্যাবসহ গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব ৩টি অভিযান চালিয়ে এক ভুয়া র‌্যাব সদস্য ও এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 03:32 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মঙ্গলবার রাতে এ অভিযানে সোয়া কেজি হেরোইন ও ৬৬টি বোতল ফেন্সিডিল উদ্ধার করে বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৫ এর মিডিয়া অফিসার এএসপি খালেদা বেগম জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকায় রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. সবুজ (২০) ও মহিশালবাড়ী গ্রামের ইদ্রিশ আলীর ছেলে মো. হামিম ইকবালকে (২১) এক কেজি চার গ্রাম হেরোইন, ৬ গ্রাম সোনা, একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল সেটসহ গ্রেপ্তার করা হয়।

রাত পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ গ্রামের মো. হারুন মিয়ার স্ত্রী জয়া শিকদারকে (২৫) আড়াইশ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আফসার বিশ্বাসের ছেলে রেজাউল করিম বাবুকে (২৩) ৬৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রেজাউল জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে র‌্যাব পরিচয়ে মোমিন আলী নামে একজন কিছুদিন আগে অর্থ আদায় করে এমন তথ্য পেয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লায় অভিযান চালিয়ে  রাত পৌনে ১২টায় ইউসুফ আলীর ছেলে ভুয়া র‌্যাব পরিচয়দানকারী মোমিন আলীকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে তিনি জানিয়েছেন।