নজরুল ইসলাম হল ফিরে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের দেড় মাসের আন্দোলনে বেদখল হলের একটি ফিরে পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই বিশ্ববিদ্যালয়ের বেদখল হল পুনরুদ্ধারে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি মঙ্গলবার শহীদ নজরুল ইসলাম হলটি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ সিদ্ধান্ত জানার পর বিকালে বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভায় বেদখল শহীদ আজমল হোসেন হল ও আবদুর রহমান হল উদ্ধারের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কমিটির সদস্য শরিফুল ইসলাম জানিয়েছেন।
হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল সাংবাদিকদের বলেন, পুরান ঢাকার ৫/১, গোপীমোহন বসাক লেনে অবস্থিত ১ বিঘা জমির ওপর নির্মিত শহীদ নজরুল ইসলাম হলটি বিশ্ববিদ্যালয়ের নামে দীর্ঘমেয়াদি লিজ দেয়া হয়েছে। শিগগিরই হলটির দখল বুঝে নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তিনি জানান, বুধবার শহীদ আজমল হোসেন হল পরিদর্শনে যাবেন ঢাকা জেলা পরিষদের একজন ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক ও কোতোয়ালি থানার ওসি।
“হলটিতে বর্তমানে বসবাসকারীদের কাছে যথাযথ কাগজপত্র না থাকলে ২৪ ঘণ্টার মধ্যে তাদের হলটি ছেড়ে দিতে বলা হবে।”
কমিটির সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আবদুর রহমান হলের লিজের অনুমতি নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই দেখা করবেন তিনি।
