আজহারুলের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীকে বৈরী ঘোষণা
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে এক সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিতে আসেন সপ্তম সাক্ষী আমিনুল ইসলাম।
ঘটনার জবানবন্দিতে আসামির নাম না বলায় তাকে বৈরী ঘোষণা করে নিরাপত্তা হেফাজতে পাঠানোর আবেদন করে প্রসিকিউশন।
আবেদনের শুনানি শেষে সাক্ষী নিরাপত্তা না চাওয়ায় প্রসিকিউশনের আবেদন গ্রহণ করেনি ট্রাইব্যুনাল।
আদেশে ট্রাইব্যুনাল বলে, “তবে তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এ সাক্ষী যদি পরবর্তীতে অন্য কোনো সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেবে।”
রংপুর জেলার বদরগঞ্জ থানার উত্তর মোকসেদপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম। ১৯৭১ সালে ধাপপাড়া গ্রামে গণহত্যার ঘটনায় তার চাচী কাল্টি মাই নিহত হন।
আমিনুল সাক্ষ্যে বলেন, একাত্তর সালে পাকিস্তানী সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা রংপুরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে তিনি আজহারুলের নাম উল্লেখ করেননি।
এর আগে প্রসিকিউশনের অন্যান্য সাক্ষীরা তাদের সাক্ষ্যে ওই হত্যাকাণ্ডের সময় পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে এটিএম আজহার উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেছেন।
আবেদনের শুনানিতে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, সাক্ষীকে হেফাজতে পাঠানো প্রয়োজন কারণ সাক্ষীর নিরাপত্তার প্রয়োজন রয়েছে। তাছাড়া এই সাক্ষী প্রসিকিউশনের পরবর্তী সাক্ষীদের প্রভাবিত করতে পারে।
আবেদনের বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, সাক্ষী আদালতে প্রসিকিউশনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। সুতরাং নিরাপত্তার হুমকি থাকলে রাষ্ট্রপক্ষ থেকে থাকতে পারে। তাছাড়া সাক্ষী যা সত্য জানেন তা আদালতে এসে বলবেন।
ট্রাইব্যুনাল সাক্ষীর কাছে জানতে চায়, “আপনি কি নিরাপত্তা হেফাজতে যেতে চান? এর জবাবে সাক্ষী বলেন, ‘আমি নিরাপত্তা চাই না।”
এসময় প্রসিকিউটরদের মধ্যে উপস্থিত ছিলেন একেএম সাইফুল ইসলাম, জেয়াদ আল মালুম ও তাপস কান্তি বল। আসামি পক্ষে ছিলেন এম তাজুল ইসলাম ও শিশির মুহাম্মদ মনির।
জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর রংপুরে হত্যা, গণহত্যা ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। এ পর্যন্ত তার বিরুদ্ধে ছয় জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
