কুড়িগ্রাম ও কুষ্টিয়ায় বসতঘর ভস্মীভূত
কুড়িগ্রাম ও কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে ৮৮টি বসতঘর ভস্মীভূত হয়েছে। পুড়ে মারা গেছে বেশকিছু গবাদি পশু।
মঙ্গলবার বিকাল ৩টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রান্নাঘর থেকে আগুন লেগে ২৪টি পরিবারের ৪৮টি ঘর পুড়ে যায় ও অগ্নিদগ্ধ হয়ে মারা যায় একটি গবাদি পশু।
বেলা ২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়ও রান্নাঘর থেকে আগুনের শুরু হয়ে ২৫টি বাড়ির ৪০টি বসতঘর পুড়ে যায়।
কুড়িগ্রাম
উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পূর্ব আঠারো পাইকা মৌজার কালা গ্রামের রহিমা বেওয়ার রান্নাঘরে আগুন ধরে বিকালে।
খবর পেয়ে উলিপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রায়হানুল হক বলেন, বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করছেন তিনি।
বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন চাঁদ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা ও পুনর্বাসন প্রয়োজন।
তিনি বলেন, কালা গ্রামের এ মানুষগুলো নদী ভাঙ্গার শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছিল। আগুনে আরো একবার নিঃস্ব হয়ে পরিবার নিয়ে পথে বসেছে।
কুষ্টিয়া
দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের একটি রান্নাঘরের চুলা থেকে খড়ের একটি ঘরে আগুন ধরে যায়।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল হক জানান, আগুনে বসতবাড়ি পুড়ে যাবার পাশাপাশি একটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়।
এছাড়া ঘরের আসবাবপত্রসহ খাদ্যসামগ্রীও পুড়ে গেছে তাদের।
চেয়ারম্যান জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসে খবর দিলেও ঘটনাস্থল দূরে হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেনি।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
দৌলতপুর উপজেলার ইউএনও মুক্তার হোসেন জানান, ক্ষতিগ্রস্তদের নামের তালিকাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করা হচ্ছে।
