২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভায় নির্বাচন করার নির্দেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় আইন অনুসারে নির্বাচন করতে রায় দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 08:35 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি এই রায় দেয়, রায়ের অনুলিপি মঙ্গলবার প্রকাশিত হয়।

আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

২০০২ সালের ৩০ সেপ্টেম্বর কাঞ্চন পৌরসভা গঠনের পর পরের বছর ৫ অক্টোবর এর প্রথম নির্বাচন হয়।

সেই নির্বাচনে মজিবুর রহমান ভূঁইয়া চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এত বছরেও আর কোনো নির্বাচন হয়নি।

পরিস্থিতি পর্যালোচনা করে রায়ে বলা হয়, অন্য কোনো মামলা না থাকলে বা নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা থাকলে যথাসম্ভব দ্রুত কাঞ্চন পৌরসভা নির্বাচন করতে নির্দেশ দেয়া হল।

পৌরসভাটির নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দেওয়ান আবদুল বাসার বাদশার দায়ের করা রিট আবেদন নিষ্পত্তি করে হাই কোর্টের এই রায় হয়।