২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন থেকে পড়ে মৃত্যু, বান্ধবীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যাওয়া ছাত্রীর এক বান্ধবীর বিরুদ্ধে হত্যা মামলা করেছে তার পরিবার।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 06:00 PM

নিহত মাহমুদা খাতুন লিজার (১৮) বাবা জেলা জজ আদালতের পেশকার লিয়াকত আলী সোমবার রাতে সদর থানায় বন্যার (১৯) বিরুদ্ধে মামলাটি করেন। বন্যা শহরের এসএস রোডের ব্যবসায়ী বাবুর মেয়ে।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামি বন্যাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ সকালে লিজার জ্ঞান ফিরলে তিনি পরিবারের লোকজনকে জানিয়েছেন, বান্ধবী বন্যা ও তার সাথে থাকা আরও ২/৩ জন ছয় তলার উপর নিয়ে সেখান থেকে তাকে ফেলে দিয়েছে।

২৪ মার্চ আহত হওয়ার ছয় দিন পর রোববার বিকাল ৩টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান লিজা।

জানাজা শেষে মঙ্গলবার বিকালে তাকে দাফন করা হয়।

সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী লিজা ২৪ মার্চ বিকালে এসএস রোডের ফ্রেন্ডস প্লাজার ছাদ থেকে পড়ে যান। একই রোডের বিআরবি ভবনের চতুর্থ তলায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।