প্রবাসী মুক্তিযোদ্ধা রতন বড়ুয়া নেই
যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা রতন বড়ুয়া আর নেই। মঙ্গলবার ভোরে নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকা হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
অকৃতদার রতন বড়ুয়া ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্তান রতন তার দেহ বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেয়ার ঘোষণা দিয়ে গেছেন।
প্রবাসীদের পরিচিত মুখ রতন বড়ুয়ার মৃত্যুতে নিউ ইয়র্কে বাঙালি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি থাকলেও সব ধর্ম আর বর্ণের মানুষের জন্য নিবেদিত ছিলেন বলে শোকার্তরা বলেন।
নিজে গ্রিনকার্ড না পেলেও বহু বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে কাজ করে গেছেন তিনি।
রতন বড়ুয়ার ছোট ভাই নয়ন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাইয়ের লাশ ঢাকায় কমলাপুর বৌদ্ধ বিহার হয়ে চট্টগ্রামের গ্রামের বাড়িতে নেয়া হবে। এরপর তা বিএসএমএমইউতে দেয়া হবে।
রতন বড়ুয়ার আরো দুই ভাই এবং তিন বোন রয়েছেন বাংলাদেশে।
রতন বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেন, “এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে প্রবাসীরা একজন অভিভাবককে হারালেন। এ ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে।”
