২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বক্তব্যে ‘বিস্মিত’ ডানকান

জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্যে যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান ‘বিস্ময়’ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 07:36 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সফররত ডানকানের সঙ্গে মঙ্গলবার বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

বিএনপি চেয়াপারসনের বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক গত ২৬ মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, জিয়াউর রহমানই ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।

এর একদিন পর ঢাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে তার মা খালেদা জিয়াও একই দাবি করেন।

একটি শীর্ষ রাজনৈতিক দলের এ ধরনের ‘ইতিহাস বিকৃতিতে’ ব্রিটিশ প্রতিমন্ত্রী অবাক হয়েছেন জানিয়ে শাহরিয়ার আলম বলেন, “একটি রাজনৈতিক দল কিভাবে এ ধরনের ‘অদ্ভুত ধারণা’ নিয়ে পরিচালিত হতে পারে তা নিয়ে তার মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।”

মামলা মাথায় নিয়ে সাত বছর ধরে যুক্তরাজ্যে অবস্থান করা তারেককে দেশে ফেরাতে কোনো পদক্ষেপ নেয়া হবে কি না- জানতে চাইলে তিনিবলেন, এক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে।

“আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করলে তা বাস্তবায়নের উদ্যোগ নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে।”

প্রতিমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের আগের অবস্থান পরিবর্তন না হলেও বাংলাদেশকে দেয়া সহযোগিতা অব্যাহত থাকবে বলে ডানকান আশ্বাস দিয়েছেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়েও খোলামেলা আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ঢাকায় দুদিন অবস্থানকালে শীর্ষ রাজনীতিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রানা প্লাজা ধসে আহতদের দেখতে যাবেন ডানকান।

বুধবার ঢাকা ছাড়ার আগে সংবাদ সম্মেলন করার কথা রয়েছেন যুক্তরাজ্যের এই প্রতিমন্ত্রীর।