কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার বিচার দাবি
কুষ্টিয়া শহরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও হত্যায় দোষীর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া মডেল থানা গেটের সামনে এই মানববন্ধনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জেলার বিভিন্ন মানবাধিকার ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ উপস্থিত হয়ে অর্পা ধর্ষণ ও হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তপনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
গত শুক্রবার (২৮ মার্চ) শহরের রাজারহাট এলাকার শহীদ দিদার কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও দত্তপাড়ার বাসিন্দা স্বপন পালের মেয়ে অর্পা রানী পাল (৮) অপহৃত হয়।
পরদিন সন্ধ্যায় বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়ার পাশে অর্পার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের বাড়ির ভাড়াটিয়া তপন পালকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তপন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ লাশের সুরতহালে উল্লেখ করে, অপহৃত অর্পাকে ধর্ষণের পর মুখ ও হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
