২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ সরকারি আবাসন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাসা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন আদালতের এক কর্মচারী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 06:41 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলা করেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম আদালতের স্টেনোগ্রাফার বদরুদ্দোজা।

মামলার আসামিরা হলেন সরকারি আবাসন অধিদপ্তরের উপ-পরিচালক মোমিনুর রশিদ আমিন, অফিস সহকারী খোকন চন্দ্র ভট্টাচার্য্য, এমএলএসএস খলিলুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী আজিজুল হক ভুঁইয়া।

বাদির আইনজীবী জোবাইরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে নগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনারকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

১৯৪৭ সালের দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের ৫(২) ও দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪২০ ও ৪৭১ ধারায় মামলাটি করা হয়।

মামলার বাদি বদরুদ্দোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৯ সালে আগ্রাবাদ সিজিএস কলোনির সি (এফ)- ৩ এ/১৬ বাসাটি আমাকে বরাদ্দ দেয়া হয়।

“এর আগেই শিক্ষা অফিসের কর্মচারী আজিজুল হক ২০১২ সালের ২৮ অগাস্ট সন্দ্বীপে বদলি হন। কিন্তু তিনি সরকারি বাসা বরাদ্দ বিধি লঙ্ঘন করে বাসাটি দখলে রাখেন।”

একাজে সরকারি আবাসন অধিদপ্তরের একটি চক্র তাকে সহায়তা করে বলে অভিযোগ করেন বদরুদ্দোজা।

“বিভিন্ন সময় ওই বাসায় ওঠা বাবদ তারা আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষও দাবি করে।”

২০১৩ সালের ৮ অক্টোবর এবিষয়ে তিনি দুদকে লিখিত অভিযোগ করেন বলে জানান।

বদরুদ্দোজা বলেন, “গত পাঁচ বছর ধরে আমি বরাদ্দ পাওয়া বাসায় উঠার চেষ্টা করে ব্যর্থ হই। তাই মামলা করতে বাধ্য হয়েছি।”