২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে মাঠে নামেনি বিএনপি-জামায়াত

পঞ্চম দফায় উপজেলা নির্বাচনের ভোটে নানা অনিয়মের অভিযোগ তুলে দেশের ডাকা হরতাল সফল করতে বিএনপি কিংবা জামায়াতের কোনো তৎপরতা চোখে পড়েনি।    

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 04:28 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা, সিরাজগঞ্জের শাহজাদপুর, ফেনীর ছাগলননাইয়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি এবং সাতক্ষীরার সদর, তালা ও দেবহাটা উপজেলায় হরতাল ডাকে জামায়াতে ইসলামী।

সোমবার ভোটের দিন এসব উপজেলায় কেন্দ্র দখল, ভোট কারচুপি, নেতাকর্মীদের মারধর, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে এ হরতাল ডাকা হয়।

চুয়াডাঙ্গা

সদর ও আলমডাঙ্গায় সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আধাবেলার হরতালে বিএনপির কোনো কার্যক্রম দেখা যায়নি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক।

তবে, হরতালের কারণে সকালের দিকে দুই উপজেলাতে বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। যানচলাচলও ছিল কিছুটা কম।

ফেনী

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সকাল-সন্ধ্যার হরতাল ডাকে বিএনপি।

হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক ও ফেনী-ছাগলনাইয়া সড়কে দূরপাল্লার পরিবহনগুলো বন্ধ থাকলেও চলেছে অভ্যন্তরীণ যানবাহন।

ছাগলনাইয়া থানার ওসি মো মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সিরাজগঞ্জ

শাহজাদপুর উপজেলায় বিএনপি আধাবেলা ডেকেছে। তবে, কোনো পিকেটিং বা মিছিল-সমাবেশ করেননি তারা।

শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় হরতালের কোনো প্রভাব নেই। পরিস্থিতি স্বাভাবিক ছিল।

ব্রাহ্মণবাড়িয়া

কসবা উপজেলায় আধাবেলার হরতালের কোনো প্রভাব পড়েনি।

কসবা থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালকারীদের কোনো তৎপরতা নেই। পরিস্থিতি স্বাভাবিক।

সকাল থেকেই উপজেলায় যান চলাচল করছে স্বাভাবিকভাবে। সব দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা ছিল।

সাতক্ষীরা

সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা উপজেলায় জেলা জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি। যানবহন চলাচল ছিল স্বাভাবিক। দোকান-পাট, অফিস-আদালত খোলা ছিল।

সকাল থেকে জেলা সদরসহ উপজেলাগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়।

জামায়াতের পক্ষ থেকে কোনো নেতাকর্মীকে হরতালের সমর্থনে মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি।