সবার শিষ্টাচার মেনে কথা বলা উচিত: মুহিত
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের (লোটাস কামাল) বক্তব্যের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সবারই উচিত শিষ্টাচার বজায় রাখা।
পরিকল্পনামন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের আরো বলেন, তাকে নিয়ে বক্তব্যগুলো ঠিক নয়।
সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অশীতিপর অর্থমন্ত্রীর বয়স ও তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন কামাল।
তিনি বলেন, “অর্থমন্ত্রী বিশাল বাজেট দেন। বাস্তবায়ন করতে পারেন না। সংসদে বাজেট দিতে গিয়ে তিনি ‘শুয়ে’ পড়েন।... উনার বয়স হয়েছে। ভুল-ভাল বলেন।”
এর প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথমে ‘রিঅ্যাকশন নেই’ বলে তা এড়িয়ে যেতে চান মুহিত।
পরে বলেন, “মন্ত্রীদের শুড মেনটেইন সাম লেভেল অফ শিষ্টাচার।”
বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক হিসেবে মুহিত এখনো পেনশন নেয়ায় বহুজাতিক সংস্থাটির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বললেও তা নিচ্ছেন না বলেও দাবি করেন কামাল।
এই বিষয়ে মুহিত বলেন, “উনি (কামাল) ভুল তথ্যের উপরে বক্তব্য দিয়ে ফেলছেন। বাংলাদেশ সরকার ছাড়া পৃথিবীর কোথা হতে আমি কোনো পেনশন নেই না।”
বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করার বিষয়ে লোটাস কামালের মন্তব্যের জবাবে তিনি বলেন, “এটা তো আমি একদিন বলেছিলাম, যে ওদের বিরুদ্ধে মামলা করতে চাই, কারণ পদ্মাতে ওরা আমাদের অসম্মান করেছে।
“তবে আমি এটাও বলেছিলাম যে, আমি ওটা তখন করব যখন মন্ত্রিত্বে থাকব না। মন্ত্রী হিসেবে বিশ্ব ব্যাংক আমার জন্যে হাইয়েস্ট ডেভেলপমেন্ট পার্টনার।”
সরকারের পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) প্রসঙ্গে অর্থমন্ত্রীকে আক্রমণ করে কামাল বলেন, “উনি পিপিপি না কী যেন একটা বানিয়েছেন। এটা গরু না ছাগল? তা মানুষ জানে না। একটা অফিসও নিতে পারেননি।”
এ বিষয়ে মুহিত বলেন, “এটা উনার (কামাল) দুর্বলতা। হি হ্যাজ টু কারেক্ট ইট। আমার কিছু করার নেই এখানে। পিপিপি ইজ আ ইন্টারন্যাশনাল কনসেপ্ট।”
চলতি ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) নিয়ে কিছু দিন ধরে অর্থমন্ত্রীর সঙ্গে পরিকল্পনামন্ত্রীর সম্পর্কে টানাপোড়েন চলছে।
পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সংশোধিত এডিপি’র যে বরাদ্দ চাওয়া হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে তা দিতে চাচ্ছে না। এ নিয়ে গত কয়েক দিন ধরে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে।
টানাপোড়েনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “এটা তো সব সময়ই হয়।”
‘আমি হলে ১০-১৫ পৃষ্ঠায় বাজেট করে দিতাম’- কামালের এ মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী কোনো মন্তব্য করেননি।
মুহিতকে বিদ্রুপ লোটাস কামালের
