চট্টগ্রামে পাহাড় কাটতে গিয়ে একজনের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
খুলশী পাহাড়িকা আবাসিক এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মো. ইউনুস (৬০) ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা। আহত জাফর উল্লাহও (৩০) একই এলাকার বাসিন্দা। তারা দুইজনই নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় থাকতেন।
খুলশী থানার এসআই শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পাহাড়িকা আবাসিক এলাকায় পাহাড় কাটার সময় ইউনুস ও জাফর নিচে পড়ে যান। এসময় নিচে নির্মাণাধীন একটি দেয়ালের জন্য রাখা কংক্রিটের ওপর পড়লে তারা গুরুতর আহত হন।
রাত সোয়া ১টার দিকে দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমকে) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন বলে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান।
এ ঘটনায় খুলশী থানায় একটা মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই শামসুর।
