অটোরিকশা ধর্মঘট স্থগিত
১ এপ্রিল থেকে ডাকা তিনদিনের ধর্মঘট স্থগিত করেছেন সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।
চলতি মাসের মধ্যেই সিএনজি অটোরিকশাগুলোর ‘ইকোনোমিক লাইফ টাইম’ বাড়ানো না হলে এই কর্মসূচি ডেকেছিলেন তারা।
দাবি পূরণে যোগাযোগমন্ত্রীর ‘মৌখিক’ আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে সোমবার বিকালে পরিষদের সদস্য সচিব এটিএম নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তবে আগামী ১০ দিনের মধ্যে দাবি পূরণ না হলে ১৫ এপ্রিল থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা।
বায়ু দূষণের হাত থেকে ঢাকাকে বাঁচাতে চলতি শতকের শুরুতে দুই স্ট্রোক ইঞ্জিনের অটোরিকশা তুলে দিয়ে রাজধানীতে চার স্ট্রোক ইঞ্জিনের সিএনজিচালিত অটোরিকশা চালুর উদ্যোগ নেয়া হয়।
‘বেবি ট্যাক্সি’ নামে পরিচিত হলুদ রঙের অটোরিকশাগুলোকে বিদায় করে ২০০২ সালে রাস্তায় নামে সবুজ রঙের এসব অটোরিকশা।
ইঞ্জিনের ‘ইকোনোমিক লাইফ’ হিসেব করে সেই সময় নয় বছরের জন্য অটোরিকশার লাইসেন্স দেয়া হলেও মালিক ও চালকদের দাবির কারণে আরো দুই বছর বাড়িয়ে ১১ বছর করা হয় মেয়াদ।
এই হিসেবে রাজধানীতে চলাচলকারী প্রায় ১৬ হাজার সিএনজিচালিত অটোরিকশার বেশিরভাগের ‘ইকোনোমিক লাইফ’ শেষ হয়েছে ২০১৩ সালেই।
সিএনজি অটোরিকশা ধর্মঘটের হুমকি
