নির্বাচন কমিশনার মোবারককে লিগ্যাল নোটিস
খালেদা জিয়াকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে নির্বাচন কমিশনার আবদুল মোবারককে আইনি লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
এস এম জুলফিকার আলী জুনু বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেছেন, রেজিস্ট্রি ডাকযোগে সোমবার তিনি এই নোটিস পাঠান। এর জবাব না পেলে তিনি হাই কোর্টে রিট আবেদন করবেন।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ৩১ মার্চ প্রকাশিত ‘নাকে খত দিচ্ছেন তো, আর কী কতা’ শিরোনামের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে নোটিসটি পাঠানো হয়।
সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেয়ার দিকে ইঙ্গিত করে রোববার ওই মন্তব্য করেন সিইসির অনুপস্থিতিতে ভোট তদারকির দায়িত্বে থাকা আবদুল মোবারক।
ওই মন্তব্য ‘শিষ্টাচারবহির্ভূত’ হয়েছে দাবি করে তাকে পাঠনো নোটিসে বলা হয়, “ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের পদে থেকে তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর ব্যাপারে সংবাদ সম্মেলনে মানহানিকর শব্দ ব্যবহার করে কটূক্তি করা আইনের দৃষ্টিতে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধ।”
নোটিস পাওয়ার সাতদিনের মধ্যে জবাব চেয়েছেন অ্যাডভোকেট জুলফিকার আলী।
