২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুটি হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

বাগেরহাটে দুটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 07:21 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম সোলায়মান যাবজ্জীবনসহ প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।

২০০১ সালের ২৬ মে রাতে মোরেলগঞ্জ উপজেলা পশ্চিম বহরবুনিয়া গ্রামের চিংড়ি ঘের ব্যবসায়ী মো. শাহ জামাল খানকে হত্যার দায়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের রহমান কাজীর ছেলে সহিদুর রহমান ওরফে কাজী সহিদুল ইসলাম,  সোবাহান কাজীর ছেলে মঞ্জু কাজী ও কুদ্দুস খানের ছেলে মিলন খানকে যাবজ্জীবন দেয়া হয়েছে।

এছাড়া, ২০০৭ সালের ২ জানুয়ারি রাতে ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের আব্দুল মালেক সরদারকে হত্যার দায়ে আব্দুল মালেক সরদারকে হত্যার দায়ে ফকিরহাট উপজেলার পিলজংগ বড়বাড়ি গ্রামের নাসির উদ্দিন মোল্লার ছেলে আসমত আলী মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডদেশ দেয়া হয়েছে।

চার আসামিই পলাতক রয়েছেন।

সরকারী কৌঁসুলি মোহম্মাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিংড়িঘের ব্যবসায়ী মো. শাহজামালকে জমি কেনাবেচার পাওনা টাকাকে কেন্দ্র করে শ্বাসরোধ করে হত্যা করে প্রতিপক্ষরা পানিতে ফেলে রাখে।

এই ঘটনায় নিহতের বাবা মোজাম্মেল হোসেন মোরেলগঞ্জ থানায় সহিদুল ইসলামসহ তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০০২ সালের ১ অগাস্ট পুলিশ সহিদুল ইসলাম, মঞ্জু কাজী এবং মিলন খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অপর দিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে আব্দুল মালেক সরদারকে তার প্রতিবেশী মো. আসমত আলী মোল্লা ছুরিকাঘাত করলে তিনি মারা যান।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী ফাতেমা বেগম ফকিরহাট থানায় আসমত আলী মোল্লার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ১৬ মে পুলিশ আসমতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।