বাস থেকে নামিয়ে নারী শ্রমিককে ধর্ষণ, আটক ৩
যশোরের মণিরামপুর উপজেলায় আকিজ জুট মিলের স্টাফ বাস থেকে নামিয়ে দুই কিশোরী শ্রমিককে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ১২টার দিকে চন্ডীপুর মান্দারতলা এলাকায় এ ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে টহল পুলিশ।
মনিরামপুর থানার এসআই শরীফ হাবিব জানান, ঘটনার শিকার দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। আটক তিন জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটকরা হলেন উপজেলার বিজয়রামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে হাফিজুর রহমান (২৮), আজিজ মোড়লের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৬) ও এরশাদ আলীর ছেলে রিপন হোসেন (২৫)।
পাটকলটির ওই বাসের চালক কামরুলের বরাত দিয়ে এসআই শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের শিফটে কাজ শেষে শ্রমিকরা মিলের স্টাফ বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি বিভিন্ন এলাকায় শ্রমিকদের নামিয়ে দিয়ে মণিরামপুরের প্রত্যন্ত অঞ্চল চন্ডীপুর মান্দারতলা এলাকায় পৌঁছায় রাত ১০টার দিকে। তখন বাসটিতে ওই দুই কিশোরীসহ অন্তত চারজন ছিলেন।
এ সময় ১০/১২ জন যুবক রাস্তা আটকে বাসটি থামায়। তারা ওই বাসে উঠে অন্যদের ধরে রাখে এবং দুই কিশোরী শ্রমিককে নামিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে চালক সেখান থেকে পালিয়ে টহল পুলিশকে বিষয়টি জানায়।
খবর পেয়েই পুলিশ ওই এলাকার অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে এবং তিন যুবককে আটক করতে সক্ষম হয়। তবে পালিয়ে যায় অন্য যুবকরা।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টাফ বাস থেকে ওই দুই কিশোরীকে নামিয়ে ধর্ষণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে।”
এদিকে, রাতে মিলের শ্রমিকদের স্টাফ বাসে আনা-নেয়ার সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি কেন এ বিষয়ে জানতে চাইলে মিলের ম্যানেজার (প্রশাসন) আশফাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িতে কখনও কোনো নিরাপত্তার প্রয়োজন হয়নি।”
