২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সুজনের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সুশাসনের জন্য নাগরিক- সুজনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলা নির্বাচনে পরাজিত এক প্রার্থী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 11:47 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রোববার রাজশাহীর আমলী আদালত-১ এ মামলাটি করেছেন পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী সালাহ উদ্দিস বিশ্বাস।

বিচারক আব্দুল মতিন শুনানির জন্য আগামী ৭ এপ্রিল মামলার পরবর্তী তারিখ ধার‌্য করেছেন।

মামলায় আসামি করা হয়েছে সুজনের সভাপতি হাফিজ উদ্দিন খান, সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, রাজশাহী অঞ্চলের সমন্বয়ক সুব্রত পাল ও মাঠকর্মী সানজিদা হক বিপাশাকে।

মামলার এজাহারে বলা হয়েছে, নির্বাচনের আগে তার নির্বাচনী এলাকায় প্রার্থীদের তথ্য প্রচার করেছিল সুজন।  সেখানে প্রার্থী হিসেবে তার (সালাহ উদ্দিস বিশ্বাস) নাম ছিল না বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে প্রচার করা হয়েছে।

এতে তার দশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সালাহ উদ্দিন।

১৫ মার্চের নির্বাচনে ৭৪৩ ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ ব্যাপারে সুজনের রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী সুব্রত কুমার পাল বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে হলফনামার তথ্য না থাকায় সুজনের পক্ষ থেকে তার তথ্য প্রকাশ করা সম্ভব হয়নি। এমনকি নির্বাচনের পূর্বে ১২ মার্চ সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে সুজনের কর্মী সানজিদা হক বিপাশা ও সুব্রত পাল ওয়েবসাইটে তথ্য না থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সাথে যোগাযোগের পরামর্শ দেন।

সুজনের কর্মীরা কখনো কোথাও সালাহ উদ্দিন বিশ্বাসের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি উচ্চারণ করেননি বলে দাবি করেন সুব্রত।