কিশোরগঞ্জে ৫ জনের যাবজ্জীবন
ডাকাতি ও হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।
এছাড়া দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ রবিবার বিকালে এ রায় দেন বলে জানান ওই আদালতের পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক।
দণ্ডিতরা হলেন পাকুন্দিয়া উপজেলার পুটিয়া গ্রামের আব্দুল বাতেন, আব্দুল মালেক, বুরুদিয়া গ্রামের মিরাজ, চরমান্দারকান্দি গ্রামের ইয়াছিন এবং দিগম্বরদী গ্রামের লাল মিয়া।
এদের মধ্যে আব্দুল বাতেন ও লাল মিয়া পলাতক, বাকি তিনজন কারাগারে রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, গত ২০০৬ সালের ২ সেপ্টেম্বর রাত ১টার দিকে পাকুন্দিয়ার খামা গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে ২৫/৩০ জন ডাকাত ধারালো ও বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে হানা দেয়।
বারান্দার গ্রিল ও দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢুকে গৃহকর্তাকে বেঁধে তাকে এবং তার স্ত্রী রেহেনা আক্তারকে মারপিট করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় দেড়লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল নিয়ে যায়।
বাড়ির লোকজনের চিৎকারে পার্শ্ববর্তী আঙ্গিয়াদি গ্রামের লোকজন এগিয়ে এসে ডাকাতদলকে প্রতিহত করার চেষ্টা করে।
এসময় মিজানুর রহমন নামে এক গ্রামবাসীকে ডাকাতরা ছুরিকাঘাতে হত্যা করে। এছাড়া আহত হন হাদিউল ইসলাম এবং দৌলত নামের দুজন।
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে ২৪ জনের নামে অভিযোগপত্র দেয়।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
