নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে ভাইকে খুন
নেত্রকোনা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে ছোটভাইকে পিটিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রকোণা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মো. রহিম উদ্দিন (৩৫) ওই গ্রামের প্রয়াত কদর আলীর ছেলে।
নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক শরীফ রেজাউল করিম জানান, দুইভাই আমির উদ্দিন ও রহিম উদ্দিনের মধ্যে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিল।
সকালে এনিয়ে বাড়িতে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আমির ও তার স্ত্রী জাহেরা বেগম বেদম মারপিট করে রহিমকে।
প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রহিমকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
