মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে: রাষ্ট্রপতি
তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ তুলে ধরার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে বিকৃত ইতিহাস ব্যবহার করেছে।
জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের পর বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার মধ্যে রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বললেন। ‘বজলুর রহমান স্মৃতিপদক ২০১৩’ প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, “সমাজ গঠনে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। কিন্তু এর জন্য দরকার নির্মোহ, আস্থাশীল ও পক্ষপাতহীন সাংবাদিকতা। সত্যকে সত্য আর মিথ্যাকে-মিথ্যা বলার সাহস থাকতে হবে।”
দৈনিক সংবাদের সাবেক সম্পাদক বজলুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ জাদুঘর ‘মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার’ জন্য এই পদক দেয়া হয়।
আবদুল হামিদ বলেন, “সত্যকে অবিকৃতভাবে প্রকাশই হচ্ছে সুস্থ সাংবাদিকতার মূল কথা। সাংবাদিকতায় সত্য প্রকাশে অনেক সময় ঝুঁকি থাকে, কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি আমাদের সাহস সঞ্চার করবে ‘সত্য সে কঠিন, সে কঠিনেরে ভালবাসিলাম।”
বর্তমানে দেশে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা বিরাজ করছে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, “সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়া সম্পূর্ণ স্বাধীন থেকে তাদের মতামত প্রকাশের পূর্ণ অধিকার ভোগ করছে। এই পরিবেশে সংবাদপত্র ও মিডিয়ার দায়িত্ব অপরিসীম। সংবাদ ও মতামত পরিবেশনে মিডিয়া দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে- এটাই সকলের প্রত্যাশা।”
বজলুর রহমানের সঙ্গে নিজের কিছু স্মৃতি তুলে ধরে তিনি বলেন, “আদর্শের প্রতি আজীবন অবিচল থেকে একটি অসম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক এবং শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় যেসব মহৎ ব্যক্তি নীরবে কাজ করেছেন সাংবাদিক বজলুর রহমান তাদের অন্যতম। বজলুর রহমান আমৃত্যু দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনগণের অধিকার রক্ষার জন্য বিশেষ অবদান রেখেছেন।”
“মরহুম বজলুর রহমানের সাথে আমার ব্যক্তিগত পরিচয়ের সুযোগ হয়েছিল ৭০ এর দশকে। তার নির্মোহ ও দৃঢ়চেতা লেখনি সবসময়ই আমাকে আকর্ষণ করতো। তিনি নিজে যা বিশ্বাস করতেন তাই লিখতেন। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে আজীবন লালন করে গেছেন। আদর্শ ও বিশ্বাসের সাথে কখনো আপস করেননি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিপক্ষে যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে তার কলম ছিল সবসয়ই সোচ্চার।”
“তিনি মনে প্রাণে চাইতেন বাংলাদেশে গণতন্ত্রের চলার পথ মসৃণ হোক। তাই যখনই এ দেশে অশুভ শক্তি কর্তৃক গণতন্ত্রের প্রতি আঘাত এসেছে তখনই বজলুর রহমান এর প্রতিবাদ করেছেন। গণতন্ত্রের পক্ষে জনমত তৈরিতে এ কলম সৈনিকের আত্মত্যাগ গণতন্ত্র প্রিয় মানুষের কাছে সবসময়ই পাথেয় হয়ে থাকবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, আলী যাকের।
২০১৩ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতিপদক পেয়েছেন, প্রিন্ট মিডিয়া ক্যটারিতে সিলেটের দৈনিক যুগভেরীর প্রতিবেদক অপূর্ব শর্মা এবং টেলিভিশন ক্যাটাগরিতে চ্যানেল আইয়ের রাজীব দাস।
মুক্তিযুদ্ধের ওপর ধারাবাহিক রিপোটিংয়ের জন্য তাদের পদক তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
