২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে স্কুলছাত্রকে জবাই, আটক দুই

নারায়ণগঞ্জের তারাবো পৌর এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রকে জবাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিলং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

শনিবার রাতে আল আমিন (১৬) নামের এ ছাত্র নিখোঁজ হয়। রোববার দুপুরে তারাবো পৌরসভার রূপসী স্লুইসগেইট এলাকা থেকে তার জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

আল আমিন রূপসী নিউ মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং দক্ষিণ রূপসী এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। তাদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নামেরপাড়া গ্রামে।

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শিরিন বেগম ও মনির হোসেন নামের দুজনকে আটক করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি মীর আসাদুজ্জামান জানান, শনিবার রাত ৯টার দিকে  দক্ষিণ রূপসী এলাকার বাড়ি থেকে মোবাইল ফোনে আল আমিনকে ডেকে নিয়ে যায় কে বা কারা। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

রোববার দুপুরে রূপসী স্লইসগেইট এলাকার ডেকোর মাঠে তার লাশ দেখে পুলিশে  খবর দেয় স্থানীয়রা।

ওসি আসাদুজ্জামান আরো জানান, দক্ষিণ রূপসী এলাকার একই স্কুলের দশম শ্রেণির ছাত্রী আতিকার সঙ্গে আল আমিনের প্রেমের সর্ম্পক ছিল। এছাড়া আতিকার সঙ্গে একই এলাকার রানা নামের এক বখাটেরও সর্ম্পক ছিল।

এর জের ধরে তাকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা আতিকার মা শিরিন বেগম এবং চাচা মনির হোসেনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার দুপুরে মাদক সেবনে বাধা দেয়ায় রূপগঞ্জের কুলুয়াদী এলাকা স্কুল শিক্ষক মেহেদী হাসান বাবুকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর আগে ১ ফেব্রুয়ারি রূপগঞ্জের সদর ইউনিয়নের ভিংরাব এলাকা থেকে স্কুলছাত্র নাঈম মিয়ার (১৪) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।