২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমতলীর সব নির্বাচন কর্মকর্তা বদল

উপজেলা নির্বাচনের আগের দিন আমতলী উপজেলায় সব প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা বদল করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 02:35 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

পঞ্চম দফায় ৩১ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে সদর উপজেলার সব প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাকে আমতলীতে এবং আমতলীর কর্মকর্তাদের সদর উপজেলায় পাঠানো হয়েছে।

এই পর্বে বরগুনা সদর, আমতলী, বামনা ও পাথরঘাটা উপজেলায় ভোটগ্রহণের কথা রয়েছে।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী জানান,  আমতলীর বর্তমান উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন তালুকদার আবেদনে নির্বাচন কমিশন আমতলী উপজেলার সব প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারকে বদল করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, এ কারণে আমতলী উপজেলার ৫৯টি কেন্দ্রের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারকে বরগুনা সদর উপজেলার নির্বাচনের দায়িত্ব দিয়ে বরগুনা থেকে সম-পরিমাণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আমতলীতে দেয়া হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।  নির্বাচনে যান চলাচল বন্ধ থাকায় তারা কিভাবে ভোট কেন্দ্রে পৌঁছাবেন তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলী বলেন, বাস মালিকদের ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ব্যবস্থায় পৌঁছানোর জন্য বলা হয়েছে।