চাঁদার দাবিতে লক্ষ্মীপুরে প্রবাসীর ছেলেকে অপহরণ
পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে লক্ষ্মীপুরে সৌদি আরব প্রবাসী এক ব্যক্তির ছেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রামপুর গ্রাম থেকে আবু রিয়াদকে (১৭) অপহরণ করা হয় বলে অভিযোগ করেছেন তার মা আয়েশা বেগম।
রিয়াদ এবছর দিঘলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
অপহরণের ঘটনায় শনিবার লক্ষ্মীপুর সদর থানায় আয়েশা বেগম একটি মামলা করেছেন।
আয়েশা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্বামী সৌদি প্রবাসী আবদুল কুদ্দুস সম্প্রতি দেশে আসার পর থেকেই প্রতিবেশী আবদুল করিম তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা না পেয়ে দলবল নিয়ে করিম শুক্রবার সকালে তার ছেলেকে অপহরণ করে বলে অভিযোগ করেন তিনি।
“অপহরণকারীরা ওইদিন বিকেলে রিয়াদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে তার মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে।”
টাকা না দিলে অপহরণকারীরা রিয়াদকে মেরে হুমকি দেয়, বলেন আয়েশা।
অপহরণের ঘটনা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হলে তিনি এলাকাবাসীর মাধ্যমে আব্দুল করিমের ছোট ভাই আব্দুর রহিমকে আটক করে পুলিশে তুলে দেন।
পরে শনিবার রাতে আব্দুল করিম, তার ভাই আব্দুর রহিম, বাবা শাহাজাহান এবং মিঠু নামের এক সহযোগীসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেন আয়েশা বেগম।
সদর থানার ওসি মো. ইকবাল হোসেন, জানিয়েছেন, রিয়াদকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
