সিএনজি অটোরিকশা ধর্মঘটের হুমকি
চলতি মাসের মধ্যেই ‘ইকোনোমিক লাইফ টাইম’ বাড়ানো না হলে ১ এপ্রিল থেকে ৭২ ঘণ্টা ধর্মঘটের হুমকি দিয়েছেন অটোরিকশা মালিকরা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেয়া হয়।
পরিষদের সদস্য সচিব এটিএম নাজমুল হাসান বলেন, “বুয়েটের সুপারিশ অনুযায়ী সিএনজি অটোরিকশার ইকোনোমিক লাইফটাইম জরুরি ভিত্তিতে ৩১ মার্চের মধ্যে ১৫ বছরে বৃদ্ধি না করা হলে ১ এপ্রিল থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে।”
আরো পাঁচটি দাবি তুলে ধরে তা পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণাও দেন তিনি।
বায়ু দূষণের হাত থেকে ঢাকাকে বাঁচাতে চলতি শতকের শুরুতে দুই স্ট্রোক ইঞ্জিনের অটোরিকশা তুলে দিয়ে রাজধানীতে চার স্ট্রোক ইঞ্জিনের সিএনজিচালিত অটোরিকশা চালুর উদ্যোগ নেয়া হয়।
‘বেবি ট্যাক্সি’ নামে পরিচিত হলুদ রঙের অটোরিকশাগুলোকে বিদায় করে ২০০২ সালে রাস্তায় নামে সবুজ রঙের এসব অটোরিকশা।
ইঞ্জিনের ‘ইকোনোমিক লাইফ’ হিসেব করে সেই সময় নয় বছরের জন্য অটোরিকশার লাইসেন্স দেয়া হলেও মালিক ও চালকদের দাবির কারণে আরো দুই বছর বাড়িয়ে ১১ বছর করা হয় মেয়াদ।
এই হিসেবে রাজধানীতে চলাচলকারী প্রায় ১৬ হাজার সিএনজিচালিত অটোরিকশার বেশিরভাগের ‘ইকোনোমিক লাইফ’ শেষ হয়েছে ২০১৩ সালেই।
